
আলিফ হোসেন।।
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
তীব্র সার সংকট সমাধান, খোলা বাজারে ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত এবং কৃষকের উৎপাদিত ফসলের সঠিক মূল্য প্রাপ্তির দাবিতে রাজশাহীর তানোরে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ‘বাংলাদেশ রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন’-এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন উপজেলার শত শত প্রান্তিক ও সাধারণ কৃষক। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তানোর থানা মোড়ে উপজেলা সদরের প্রধান সড়কে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা জাতির খাদ্যের জোগানদাতা কৃষকদের জীবনের দীর্ঘদিনের বৈষম্য, বঞ্চনা ও চলমান দুর্দশার চিত্র তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, রোদ-বৃষ্টি উপেক্ষা করে যে কৃষক দেশের ১৮ কোটি মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছে, আজ তাদের জীবনই সবচেয়ে বেশি অবহেলিত ও বিপর্যস্ত। দেশের বাজারে সারের কৃত্রিম সংকট তৈরি করে সিন্ডিকেট চক্র কৃষকদের পকেট কাটছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে প্রান্তিক কৃষকদের সার কিনতে বাধ্য করা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বক্তারা আরও অভিযোগ করেন, একদিকে উৎপাদন খরচ প্রতিনিয়ত বাড়ছে, অন্যদিকে বাজারে কৃষকেরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না। ফলে প্রতি মৌসুমেই কৃষকদের লোকসানের মুখে পড়তে হচ্ছে এবং তারা ঋণের জালে জর্জরিত হয়ে পড়ছেন। কৃষকের এই বঞ্চনা ও দুর্দশা দূর করতে খোলা বাজারে সরাসরি কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে সার বিতরণ এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করে ফসলের সরকারি দাম নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
কৃষক আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কিন্তু বর্তমান বাজার ব্যবস্থায় সিন্ডিকেটের কারণে কৃষকেরা আজ দিশেহারা। অবিলম্বে যদি সারের এই কৃত্রিম সংকট দূর করা না হয় এবং ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা না হয়, তবে কৃষকদের এই আন্দোলন আরও বেগবান করা হবে।”
মানববন্ধনে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সংগঠনের তানোর আঞ্চলিক শাখার সদস্য সচিব আজাহার উদ্দিন পরিচালনায় বক্তব্য রাখেন- রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদরী ও অন্যতম সদস্য ওসমান গনিসহ বিভিন্ন সামাজিক এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। এসময় উপস্থিত কৃষকরা এই যৌক্তিক দাবির প্রতি সংহতি প্রকাশ করে দ্রুত সমাধানের জন্য সরকারের প্রতি আহবান জানান। #