
আজিজুল ইসলাম, যশোরঃ যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার এক আসামীসহ বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৬০ হাজার ৪০০ টাকা।
আটককৃত আসামির নাম মিলন (৩৪)। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের (ডাকঘর: দর্শনা) সাজ্জাদ হোসেনের ছেলে।
আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে বিজিবি সদস্যরা আসামি মিলনকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হন। এ সময় তার কাছ থেকে ৪,০০০ পিস ইয়াবা, ২ বোতল ESCUF সিরপ, ৪৮ বোতল WINCEREX সিরপ এবং ২০০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট (VIGORE) উদ্ধার করা হয়। এছাড়া চোরাচালানবিরোধী অভিযানে ৭৫টি শাড়ি, ১১টি থ্রি-পিস, ২টি কম্বল, ১ কেজি জিরা এবং ২৫২টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার চক্র আটকের নিমিত্তে বিশেষ পরিকল্পনা অনুযায়ী বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
আটককৃত আসামির বিরুদ্ধে যশোর কোতোয়লী থানায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।