
আজিজুল ইসলাম, বেনাপোলঃ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি বন্দরের বিভিন্ন শেড পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রমের খোঁজ-খবর নেন।
পরিদর্শনকালে চেয়ারম্যান বন্দরের উন্নয়ন ও অগ্রগতি পর্যালোচনা করার পাশাপাশি ব্যবসায়িক বিভিন্ন সংকট প্রত্যক্ষ করেন। এসময় তিনি বন্দরে সেবা প্রদান সহজ করার আশ্বাস দেন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বন্দরের কোনো কর্মকর্তা-কর্মচারী বা সদস্য দুর্নীতির সাথে জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, বন্দর ব্যবহারকারী ও শ্রমিকদের সুবিধার্থে খুব দ্রুত একটি হাসপাতাল স্থাপন, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নসহ বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধান করা হবে।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক রুহুল আমিন, সহকারী পরিচালক (ট্রাফিক) আনিছুর রহমান, ঢাকা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাসান আলী, প্রজেক্ট ডিরেক্টর (ডিপিপি) সিদ্দিকুর রহমান এবং বেনাপোল ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলীসহ বন্দরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।