
নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের রাস্তা বন্ধ করে দেয়ায় এক যুবককে কিল-ঘুষি মেরে আহত করেছে বালু উত্তোলনকারী ব্যাক্তিরা। এ ঘটনায় ৫জনের নামে ডোমার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নুর আলম নামের এক ব্যাক্তি।
ঘটনাটি ঘটেছে, রোববার সকালে ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর হরিণচড়া গ্রামে। অভিযোগে জানা গেছে, ওই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে জাকারিয়া, এমদাদুল হকের ছেলে সবুজ ইসলাম ও শফিকুল ইসলাম, ওবাইদুল ইসলামের ছেলে রাব্বি ইসলাম ও মফলে উদ্দিনের ছেলে পেট্রোল দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেওনাই নদীর বালু উত্তোলন করে নুর আলমের আবাদি জমির উপর দিয়ে ট্রাক্টর চলাচল করে ফসলের ক্ষতি সাধন করে আসছে। এ ঘটনায় চলাচলের রাস্তা বন্ধ করে নুর আলম সেখানে কলাগাছ ও বিভিন্ন জাতের কাঠের চারা গাছ লাগিয়ে বন্ধ করে দেন। ঘটনার দিন অভিযুক্তরা কলাগাছ ও কাঠের চারা গাছ উপড়ে ফেলে পুনরায় বালু উত্তোলন করে চলাচল শুরু করে। নুর আলম তাদের বাধা দিতে গেলে তারা নুর আলম এবং তার দু বছরের শিশু সন্তানকে কিল-ঘুষি মেরে আহত করে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তম্বী জানান, নদীর বালু উত্তোলনের কোন সুযোগ নেই। এ রকমটা হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
হামিদার রহমান
নীলফামারী প্রতিনিধি।।