
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তরুণ-তরুণীদের দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফয়জুল শিরীন প্রফেশনাল ট্রেনিং সেন্টার। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (NSDA) নিবন্ধন সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানটিতে বর্তমানে জাপানি ভাষা, কেয়ারগিভিং ও টেইলারিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
পীরগঞ্জ পৌরসভার প্রাণকেন্দ্রে প্রবাসী কল্যাণ ব্যাংকের তৃতীয় তলায় প্রতিষ্ঠানটির কার্যক্রম চলছে। তিনটি শিফটে এসব বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন ১২০ জন। প্রশিক্ষণার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি হাতে-কলমে দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, জাপানি ভাষা ও কেয়ারগিভিং প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছেন তরুণ-তরুণীরা। আর টেইলারিং প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয়ভাবে আত্মকর্মসংস্থানের পথ তৈরি হচ্ছে।
ফয়জুল শিরীন প্রফেশনাল ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা ফয়জুল ইসলাম। তাঁর উদ্যোগে পরিচালিত প্রতিষ্ঠানটি পীরগঞ্জ ও আশপাশের এলাকার বেকার ও কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়নে কাজ করছে।
সংশ্লিষ্টদের মতে, স্থানীয় পর্যায়ে এ ধরনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বাড়ানো গেলে কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি বেকারত্ব কমাতেও ভূমিকা রাখবে।