
আজিজুল ইসলাম (যশোর): যশোর-বেনাপোল মহাসড়ক অচল করে শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শাহিদের পদ স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে, ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি যশোর-বেনাপোল মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, শহিদুল ইসলাম শাহিদের ওপর গৃহীত পদ স্থগিতের সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
বিক্ষোভ চলাকালে যশোর-বেনাপোল জাতীয় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কের দুই পাশে শত শত গণপরিবহন ও পণ্যবাহী যানবাহন আটকে পড়ে সুদীর্ঘ লাইনের সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়।
উল্লেখ্য, সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শাহিদের সাংগঠনিক পদ স্থগিত করে কেন্দ্রীয়/জেলা যুবদল।