
রাজশাহী থেকে মোঃ হায়দার আলী :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুরে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় ১০ বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জীবিত উদ্ধার করেছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার আলিমনগর ঘাট এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে আলিমনগর ঘাট থেকে ১১ জন যাত্রী নিয়ে একটি নৌকা নারায়ণপুরের উদ্দেশে রওনা হয়। পদ্মা নদীর মাঝপথে নৌকাটি ডুবে গেলে যাত্রীদের ১০ জন সাঁতরে ভারতীয় ভূখণ্ডে গিয়ে ওঠেন। পরে বিএসএফ তাদের উদ্ধার করে। নৌকায় থাকা আরও একজন এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে চেষ্টা চলছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, বিএসএফের পক্ষ থেকে ১০ জনকে উদ্ধারের বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে। তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।।