
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলি।
বুধবার সকাল ১০টায় উপজেলা নিবার্হী অফিসার উক্ত বিদ্যালয়ে উপস্থিত হয়ে সমাবেশে যোগ দেন। জাতীয় পতাকা উত্তোলনসহ সমাবেশের যাবতীয় কর্মকাণ্ডে তিনি অংশ গ্রহণ করেন। সেই সাথে সমাবেশস্থলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাল্য বিয়ে, মাদক, নৈতিকতা, মোবাইল আসক্তসহ শিক্ষার গুনগতমান উন্নয়ন নিয়ে দিক-নির্দেশনামুলক বক্তব্য রাখেন।
ইউএনও তুলি বলেন, নারীরাও পারে এটা প্রমাণ করতে হলে, ভালভাবে পড়া লেখা করে মানুষের মত মানুষ হতে হবে। ১৮ বছরের আগে বিয়ে করার চিন্তা ভাবনা করা যাবে না। বাবা-মা বিয়ে দিতে চাইলে তাদেরকে বুঝিয়ে বলতে হবে। শিক্ষকদের নির্দেশনা মেনে চলতে হবে। মোবাইলে আসক্ত হওয়া যাবে না।
পরে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ, লাইব্রেরী, বিজ্ঞানাগার, সততা স্টোর ঘুরেফিরে দেখেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, সহকারি প্রধান শিক্ষকসহ সহকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন।