
মোঃ বাবুল হোসেন পঞ্চগড়
পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক, বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব মোহাম্মদ তৌহিদুল ইসলামের মৃত্যুতে জেলা পরিষদের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় পঞ্চগড় জেলা পরিষদ হলরুমে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে রোববার (৩০ আগস্ট) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আলহাজ্ব মোহাম্মদ তৌহিদুল ইসলাম। তাঁর মৃত্যুতে পঞ্চগড়ের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের আবহ সৃষ্টি হয়।
শোকসভায় মরহুম তৌহিদুল ইসলামের কর্মময় রাজনৈতিক ও সামাজিক জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, জেলা পুলিশ সুপার আবু সাইম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, পঞ্চগড় শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতারুজ্জামান, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইউনুস শেখ প্রমূখ।
এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল মিনহাজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, আলহাজ্ব মোহাম্মদ তৌহিদুল ইসলাম ছিলেন পঞ্চগড়ের রাজনৈতিক অঙ্গনের একজন অভিজ্ঞ ও প্রবীণ নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মানুষের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত থেকে কাজ করেছেন। তাঁর নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততা পঞ্চগড়ের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।
তারা বলেন, পঞ্চগড় পৌরসভার মেয়র হিসেবে পাঁচবার দায়িত্ব পালন করে তৌহিদুল ইসলাম স্থানীয় সরকার ব্যবস্থায় দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একই সঙ্গে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে দলীয় রাজনীতিতেও তিনি সক্রিয় ছিলেন। জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালনকালে তিনি জেলার মানুষের কল্যাণে কাজ করেছেন।
বক্তারা আরও বলেন, তৌহিদুল ইসলামের মৃত্যুতে পঞ্চগড় একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনসম্পৃক্ত নেতাকে হারিয়েছে। তাঁর মতো প্রবীণ ও অভিজ্ঞ মানুষের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তৌহিদুল ইসলাম পঞ্চগড়ের বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্থানীয় সরকার ব্যবস্থায়ও তাঁর ছিল দীর্ঘ ও সক্রিয় সম্পৃক্ততা। পাঁচবার পৌর মেয়র নির্বাচিত হয়ে তিনি পঞ্চগড় পৌরবাসীর সঙ্গে দীর্ঘদিন কাজ করেন। তাঁর মৃত্যুতে বিএনপির নেতাকর্মী, সমর্থক, সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর মৃত্যুতে অনেকে শোক প্রকাশ করে তাঁর রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করছেন। রাজনৈতিক সহকর্মীরা তাঁকে একজন অভিজ্ঞ ও দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে উল্লেখ করে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
শোকসভায় বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন আলোচনা সভা শেষে জেলা পরিষদ প্রশাসকের ব্যবহৃত কলম স্মৃতি হিসেবে তাঁর পরিবারের হাতে তুলেদেন এবং পরে আলহাজ্ব মোহাম্মদ তৌহিদুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শোকসভা ও দোয়া মাহফিলের উপস্থাপনায় ছিলেন পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য আব্দুল্লাহ আল মামুন রনকি।