
আজিজুল ইসলামঃ পবিত্র হজ পালনের অদম্য বাসনা নিয়ে পায়ে হেঁটে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশে দীর্ঘ সফর শুরু করেছেন নাটোরের সিংড়া উপজেলার ৪৫ বছর বয়সী দুলাল হোসেন। তিনি উপজেলার ডাহিয়া ইউনিয়নের তাড়াশ বড়ইচোরা গ্রামের মৃত মকসেদ আলী ও পিয়ারা বেগমের ছেলে।
দীর্ঘদিন ধরে পায়ে হেঁটে পবিত্র কাবা শরিফ তাওয়াফ করা এবং হজ পালনের ইচ্ছা লালন করছিলেন দুলাল। সেই নিয়ত বাস্তবায়নে গ্রামবাসীর কাছ থেকে বিদায় নিয়ে মঙ্গলবার (৪ আগস্ট) সকালে নিজ গ্রাম থেকে তিনি এই দূরন্ত সফরের সূচনা করেন। সফরকালে ৩ রা সেপ্টেম্বর বৃহস্পতিবার তিনি বেনাপোলে এসে পৌঁছান। প্রয়োজনীয় পাসপোর্ট ও ভিসা হাতে পেলেই বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশ করবেন তিনি।
নিজের অনুভূতির কথা জানিয়ে দুলাল হোসেন বলেন, “আল্লাহর ঘরে যাওয়ার আকুল আকুতি থেকেই আমার এই সিদ্ধান্ত। হেঁটে হজ করতে যাওয়া অত্যন্ত কষ্টসাধ্য হলেও মহান আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে রওনা হয়েছি।” তিনি সফলভাবে হজ পালন ও সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
ভ্রমণপথে সীমান্ত অতিক্রম এবং বিভিন্ন দেশের আইনি বা প্রশাসনিক জটিলতা এড়াতে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন এই হজযাত্রী।