
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতের আঁধারে তালা ও গ্রিল ভেঙে চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই ল্যাপটপ কেনার অভিযোগে হৃদয় গাজী (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি তার ঘর থেকে বিদ্যালয় থেকে চুরি যাওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গত ১ আগস্ট রাতে মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটক ও অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোর চক্র। এ সময় অফিস কক্ষের আলমারি ভেঙে একটি লেনোভো ল্যাপটপ, সিসি ক্যামেরা ও মনিটর, ওয়াইফাই রাউটার, টেবিল ফ্যান, নগদ ৫ হাজার টাকা, ৭টি ভাউচারকৃত তালা এবং মিড ডে মিলের দুধসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায় তারা। পরদিন সকালে বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী মফিজুল ইসলাম চুরির বিষয়টি দেখতে পেয়ে প্রধান শিক্ষক খালেদা খাতুনকে অবহিত করেন। পরে প্রধান শিক্ষক বাদী হয়ে পাইকগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশি ও স্থানীয় তদন্তের একপর্যায়ে গোপালপুর গ্রামের মৃত নুরুজ্জামান গাজীর ছেলে হৃদয় গাজী একই এলাকার আফিল উদ্দিন গাজীর ছেলে রাজু গাজীর নিকট থেকে মাত্র ৩ হাজার টাকায় ল্যাপটপটি কেনেন বলে তথ্য সামনে আসে। ল্যাপটপটি সচল না থাকায় হৃদয় গাজী সেটি রাজুর কাছে ফেরত দিতে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এতে স্থানীয়দের মনে সন্দেহ তৈরি হলে বিষয়টি জানাজানি হয় এবং পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হৃদয় গাজীকে তার বাড়ি থেকে আটক করে। প্রাথমিক অস্বীকারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি নিজ বাড়ি থেকে চুরি যাওয়া ল্যাপটপটি বের করে দেন।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আওয়াল কবির জানান, স্কুলের চুরির এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছ থেকে একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। চুরি হওয়া অন্যান্য মালামাল উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।