
কে এম সোহেব জুয়েল ঃ
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় সন্ধ্যার পর কিছু চায়ের দোকানকে ঘিরে তাস ও মোবাইলে লুডু খেলার নামে জুয়ার আসর বসার অভিযোগ উঠেছে। এতে সামাজিক পরিবেশ ও শৃঙ্খলা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা থেকে শুরু হয়ে এসব আড্ডা চলে মধ্যরাত পর্যন্ত। একই সঙ্গে রাস্তার অংশজুড়ে ভ্যান, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন পার্কিং করে রাখায় সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
অভিযোগ রয়েছে, বিশেষ করে নিম্ন আয়ের কিছু মানুষ, ভ্যান ও অটোরিকশাচালক রাস্তার পাশে যানবাহন রেখে চায়ের দোকানে বসে তাস ও মোবাইল ফোনে লুডু খেলায় মেতে ওঠে। এতে একদিকে যেমন রাস্তা সংকুচিত হয়ে পরছে, অন্যদিকে রাত পর্যন্ত চলা এসব আড্ডায় স্থানীয় পরিবেশ নষ্ট হচ্ছে।
স্থানীয়দের দাবি, কেউ এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলে উল্টো ঔদ্ধত্যপূর্ণ আচরণের শিকার হতে হয়। সম্প্রতি রাস্তার ওপর যানবাহন পার্কিং না করার অনুরোধ জানানো হলে এক সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে।
এ সময় তাস ও লুডু খেলা নিয়ে আপত্তি জানানো হলে সংশ্লিষ্টদের কেউ কেউ এসব খেললে কী হবে-এমন বক্তব্যসহ নানা ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।
স্থানীয় সচেতন মহল মনে করছে, চায়ের দোকানকে কেন্দ্র করে প্রকাশ্যে এমন আড্ডা চলতে থাকলে এর নেতিবাচক প্রভাব পরবে তরুণ সমাজের ওপর। পাশাপাশি রাস্তার ওপর অবৈধ পার্কিংয়ের কারণে পথচারী ও যানবাহন চলাচলেও তৈরি হচ্ছে ভোগান্তি।
এ ব্যাপারে জুয়ার আসর বন্ধ, রাস্তার ওপর অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং নিয়মিত নজরদারি জোরদারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।