
মোঃ নাঈম মল্লিক,
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলার ৪ নম্বর রানাপাশা ইউনিয়নের নতুনহাট বাজারে সাম্প্রতিক চুরি ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) নতুনহাট বাজারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামানের নির্দেশে এ সভার আয়োজন করা হয়। সভায় মোল্লারহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই টগর ও এএসআই ফয়সাল উপস্থিত থেকে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
সভায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী বাজারের সাম্প্রতিক চুরি, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে তাদের উদ্বেগের কথা তুলে ধরেন। অপরাধ প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের আরও সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় বাজারের নিরাপত্তা জোরদার এবং অপরাধ প্রতিরোধে একটি কমিটি গঠন করা হয়। কমিটির মাধ্যমে বাজারের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
পুলিশ কর্মকর্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। চুরি, মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করলে নতুনহাট বাজারে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।