
কে এম সোহেব জুয়েল ঃ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, স্বাধীনতার পর তৎকালীন শাসকগোষ্ঠী দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ধুলিসাৎ করেছিল। ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার ফলে আওয়ামী লীগের ভেতরেও বিদ্রোহ দেখা দিয়েছিল। তারই ধারাবাহিকতায় ১৫ আগস্টের রক্তাক্ত রাজনৈতিক পরিবর্তন ঘটে এবং পরবর্তী সময়ে বাকশালের অবসান হয়।
মঙ্গলবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন আরো বলেছেন, বিএনপির জন্মের আগপর্যন্ত বাংলাদেশের রাজনীতি একটি জটিল ঘূর্ণাবর্তের মধ্যদিয়ে গেছে।
দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সামরিক বাহিনীকে শৃঙ্খলার মধ্যে আনা, দেশের মানুষের খাদ্যের নিশ্চয়তা, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠা এবং গার্মেন্টস শিল্পের যাত্রা শুরুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি বলেন, বিএনপির পতাকা নিয়ে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, সর্বশেষ জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের পাশাপাশি ছাত্রদল কর্মী ওয়াসিমসহ অনেক নেতাকর্মী প্রাণ দিয়েছেন। তাঁদের আত্মত্যাগের মধ্যদিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে গেছে।
গণতন্ত্রের জন্য ২২১ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেন তিনি।
শেখ হাসিনার প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, ফ্যাসিবাদী শাসকেরা সামাজিকভাবে বয়কট হয়েছে। শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে কারাগারে যেতে হবে।
গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামাল মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু।
বক্তব্য রাখেন গৌরনদী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান খোকন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাসলিমা বেগম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার আলম পান্নু, উপজেলা যুবদলের সদস্য সচিব মনির হোসেন আকন, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আল আমিন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হীরা রহমান সাদ্দাম, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিম প্রমুখ।
এর আগে একদিনের সফরে নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়ায় আসেন জহির উদ্দিন স্বপন। সকাল ১০টায় আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে সভায় তিনি অংশগ্রহন করেন। বেলা ১১টায় আগৈলঝাড়া উপজেলা বিএনপির আয়োজনে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি যোগদান করেন। দুপুর সাড়ে ১২টায় গৌরনদী উপজেলা প্রশাসনের সঙ্গে তিনি সভা করেন। পরে বিকেলে দলীয় কর্মসূচি শেষে তিনি সন্ধ্যায় ঢাকার উদ্দেশে নির্বাচনী এলাকা ত্যাগ করেন।