
ঠাকুরগাঁও প্রতিনিধি:
আমেরিকান ডলার দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তিকে ডেকে এনে ডলার না দিয়ে উল্টো ডিবি পুলিশের পরিচয়ে আটক ও নির্যাতনের অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৭ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও সদর উপজেলার ১ নম্বর গড়েয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিলনপুর গ্রামের ১২৫ নম্বর মিলনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন—দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার দেউলি পশ্চিমপাড়া গ্রামের মৃত আসব আলীর ছেলে মো. নাগির্স মিয়া (৪৫), শাহাডুবি গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. ওমর ফারুক (২০) এবং মিলনপুর গ্রামের মো. মাসুদ রানার স্ত্রী মোছা. হালিমা খাতুন (৩৭)। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানতে পারে, ওই এলাকায় এক ব্যক্তিকে আমেরিকান ডলার দেওয়ার কথা বলে ডেকে এনে প্রতারণা করা হচ্ছে। পরে ডলার না দিয়ে তাকে ডিবি পুলিশের পরিচয়ে আটক করে নির্যাতন করা হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ঠাকুরগাঁও-এর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ভিকটিমকে আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পরে সাক্ষীদের উপস্থিতিতে গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি করে ১ ডলার মূল্যমানের ১১টি আমেরিকান ডলার, একটি হ্যান্ডকাফ এবং একটি পুরাতন কালো রঙের প্লাস্টিকের লাগেজ উদ্ধার করা হয়। লাগেজের ভেতরে একটি জ্যাকেট পাওয়া যায়, যার সামনে ও পেছনে ইংরেজিতে ‘DB’ লেখা ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দীর্ঘদিন ধরে কৌশলে ডলারের প্রলোভন দেখিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল বলে জানা গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।