
এম এ আলিম রিপন,সুজানগর :সুজানগর পৌর শহরের ব্যবসায়ীরা চঁাদাবাজি,হয়রানী,হুমকি ও ভয়ভীতি বন্ধে কঠোর পদক্ষেপ চান ব্যবসায়ীরা । সুজানগর পৌর শহরের সকল শ্রেণীর ব্যবসায়ীর উদ্যোগে অনুষ্ঠিত মত বিনিময় সভায় পাবনা দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ. কে. এম সেলিম রেজা হাবিবসহ সংশ্লিষ্ট প্রশাসনের নিকট এ দাবি জানান ব্যবসায়ীরা । পৌর শহরের কঁাচা বাজার চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুজানগর বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাসের সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা দুই আসনের সংসদ সদস্য এডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব। বিশেষ অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মীর রাশেদুজ্জামান রাশেদ, পাবনা সহকারি পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ ও থানা অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন। এর আগে সভায় স্থানীয় ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে বিভিন্ন ধরনের হয়রানি ও চঁাদাবাজির শিকার হচ্ছেন বলে তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন এবং হয়রানিও চঁাদাবাজি বন্ধে পাবনা ২ আসনের এমপি সেলিম রেজা হাবিব সহ সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। সুজানগরের ব্যবসায়ীদের যারা হয়রানি করেন, তাদের থেকে চঁাদা দাবি করেন এবং ব্যবসায়ীদের হয়রানি ও বিভিন্ন ধরনের ভয়ভীতি মূলক হুমকি প্রদান করেন সেই সকল অপরাধী বা তাদের মদদদাতা যত প্রভাবশালীই হোক না কেন,তাদের আইনের আওতায় আনা হবে এবং চঁাদাবাজদের এ ধরনের কোনো অপতৎপরতা সহ্য করা হবে না উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে পাবনা ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব বলেন,সুজানগরে যারা এ রকম চিহ্নিত চঁাদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতিশীঘ্র যদি আইনশৃঙ্খলা বাহিনী হেফাজতে না নিতে পারে, আইনের আওতায় আনতে না পারে, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।এ সময় তিনি ব্যবসায়ীদের নির্বিঘ্নে তাদের ব্যবসা পরিচালনার আহ্বান জানান এবং কোন ব্যবসায়ী হয়রানী চঁাদাবাজি ও হুমকির শিকার হলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে অবগত করার আহ্বান জানান।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা) প্রতিনিধি।।