
রাজশাহী থেকে মোঃ হায়দার আলী : রাজশাহীর গোদাগাড়ীতে সীমান্তবর্তী এলাকার মানুষের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীলতা বাড়াতে গবাদি পশু এবং হাঁস-মুরগি পালনবিষয়ক মাসব্যাপী প্রশিক্ষণ শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার সকালে উপজেলার মাটিকাটা ইউনিয়ন পরিষদের হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্ত কারিগরি ও কর্মসংস্থান প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণে সীমান্ত এলাকার ২০ জন অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে ১১ জন নারী। মাসব্যাপী এ প্রশিক্ষণে গবাদি পশু ও হাঁস-মুরগির আধুনিক পালন পদ্ধতি, উন্নত জাত নির্বাচন, খাদ্য ও পরিচর্যা, রোগ প্রতিরোধ, প্রজনন, খামার ব্যবস্থাপনা, উৎপাদন এবং বাজারজাতকরণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবেন। তাঁদের দেখে গোদাগাড়ীর অন্য যুবকরাও উৎসাহিত হবেন বলে আশা করেন তিনি।
তিনি আরও বলেন, প্রশিক্ষণার্থীদের স্বাবলম্বী করে তুলতে উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তরসহ সরকারি বিভিন্ন সংস্থার সহযোগিতা নেওয়া হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজেদের উদ্যোগে খামার গড়ে তুলে বৈধ ও স্থায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন।
বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী মানুষের জন্য ভবিষ্যতেও বিভিন্ন ধরনের কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। আগ্রহী প্রশিক্ষণার্থী পাওয়া গেলে এবং সরকারি সহযোগিতা মিললে স্থায়ী প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, সীমান্ত এলাকার বেকার ও কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের আয়মূলক কর্মকাণ্ডে যুক্ত করার পাশাপাশি সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও বৈধ কর্মসংস্থানের সুযোগও বাড়বে।
মোঃ হায়দার আলী
রাজশাহী।