
আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের শার্শা সীমান্তে ৩৯৭ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বার, ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইলসহ মোঃ সুজন হোসেন (৩৪) নামে এক চোরাচালানিকে আটক করেছে বিজিবি।
সোমবার (১৮ আগস্ট) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ পুটখালী বিওপির সদস্যরা বিশেষ সীমান্ত অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক সুজন হোসেন পুটখালী গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, উদ্ধারকৃত ৩৯৭ গ্রাম স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৮৭ লাখ ৭৭ হাজার ৬৭০ টাকা। এছাড়া জব্দকৃত মোটরসাইকেল ও মোবাইলের দামসহ মোট সিজার মূল্য ধরা হয়েছে ৯০ লাখ ৪৯ হাজার ৬৭০ টাকা।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও জানান, আটককৃত স্বর্ণ ট্রেজারি অফিসে জমা এবং অন্যান্য আলামতসহ আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।