
হেলাল শেখ: ঢাকার আশুলিয়ার ভাদাইল এলাকায় একটি বহুতল ভবনের ছাদ থেকে আব্দুর রহমান (৫) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) রাত ১০টার দিকে ভাদাইলের হারুন মিয়ার বাড়ির বহুতল ভবনের ছাদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের আলামত সংগ্রহ করে।
নিহত আব্দুর রহমান ওই বাড়ির নিচতলায় পরিবারের সঙ্গে ভাড়া থাকত। তার বাবা শহিদ মিয়া আশুলিয়ার ভাদাইল সড়কে অটোরিকশা চালান এবং মা একটি পোশাক কারখানায় চাকরি করেন।
এ ঘটনায় আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম (পিপিএম-সেবা) বলেন, “লাশের আলামত সংগ্রহ করা হচ্ছে। আমরা তদন্ত করে দেখছি কীভাবে ঘটনাটি ঘটেছে। দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা করছি।” পুলিশ জানিয়েছে, শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।