
মুহাম্মদ মুনতাসীর মামুন, স্টাফ রিপোর্টার :
চ্যানেল ওয়ান নিউজে প্রচারিত একটি প্রতিবেদনে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশনের মাধ্যমে হেয় প্রতিপন্ন করার অভিযোগ তুলে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন করেছেন দৈনিক অগ্নিশিখা’র গলাচিপা উপজেলা প্রতিনিধি মোঃ মেহেদী হাসান জুয়েল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে মেহেদী হাসান জুয়েল বলেন, সম্প্রতি চ্যানেল ওয়ান নিউজের পটুয়াখালী জেলা প্রতিনিধি মহিবুল্লাহ চৌধুরী একটি সংবাদ প্রচার করেন। সেখানে দাবি করা হয় তিনি সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে মোটরসাইকেলে স্টিকার লাগিয়ে পার্সেল আনা-নেওয়া করেন। উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “সাংবাদিকতা আমার সম্মানিত পেশা, আর পার্সেল আনা-নেওয়া আমার সততার সাথে পরিচালিত একটি বৈধ ব্যক্তিগত ব্যবসা। কোনো গোপনীয়তা বা অসৎ উদ্দেশ্যে আমি এ কাজ করি না। একজন সাংবাদিক হিসেবে বৈধভাবে ব্যবসা পরিচালনা করা কোনো অপরাধ নয়।”
তিনি আরও বলেন, সংবাদমাধ্যমের স্টিকারযুক্ত মোটরসাইকেলে পার্সেল আনা-নেওয়ার বিষয়টিকে ভিন্নভাবে ঘুরিয়ে পেশাগত পরিচয়কে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। সংবাদ প্রকাশের পূর্বে সংশ্লিষ্ট সংবাদকর্মী তার কোনো বক্তব্য নেননি বা তথ্যের সঠিকতা যাচাই করেননি, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।
সংবাদ সম্মেলন থেকে তিনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে সঠিক তথ্য জনসম্মুখে তুলে ধরার আহ্বান জানান। একই সাথে কোনো নির্দিষ্ট আইনভঙ্গের প্রমাণ থাকলে তা উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে একপাক্ষিক ও ভিত্তিহীন সংবাদে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানান।