
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিরাপদ পানি, স্বাস্থ্যবিধি ও মানববর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) পীরগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পীরগঞ্জ পৌরসভার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম, স্বাস্থ্যসম্মত বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি এবং নিরাপদ পানি ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন পীরগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সর্দার। অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, পৌরসভার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ পানি নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যসম্মতভাবে বর্জ্য ও মানববর্জ্য ব্যবস্থাপনা জরুরি। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
কর্মশালায় নিরাপদ পানি ব্যবহার, সঠিকভাবে বর্জ্য অপসারণ এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় করণীয় তুলে ধরা হয়।