
মোঃ দেলোয়ার হোসেন বাবু
স্টাফ রিপোর্টার।।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় চোর সন্দেহে দুই যুবককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাদশা মিয়া ওরফে লাল বাদশা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। অপর যুবক মাইদুল ইসলাম (১৮) কে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
নিহত বাদশা ও আহত মাইদুল উপজেলার আলমপুর ইউনিয়নের নলপুকুর আদর্শ গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মামুদপুর ইউনিয়নের মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় চোর সন্দেহে লাল বাদশা ও মাইদুলকে আটক করে স্থানীয় কয়েকজন। পরে তাদের মারধর ও নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে।
একপর্যায়ে লাল বাদশা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে শনিবার (১৫ আগস্ট) সকালে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত লাল বাদশার মরদেহ এবং আহত অবস্থায় মাইদুলকে উদ্ধার করে। আহত মাইদুলকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে কী কারণে তাদের সেখানে আটক করা হয়েছিল এবং কারা তাদের মারধর করেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ ওসি মুক্তারুল আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।