
আজিজুল ইসলাম, বেনাপোলঃ যশোর বেনাপোল সীমান্তে পৃথক চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এক আসামিসহ বিভিন্ন ধরনের ভারতীয় মালামাল এবং ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ কাশিপুর, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
অভিযানে আটক হওয়া চোরাচালানি মালামাল ও মাদকের মধ্যে রয়েছে—১৬ পিস ভারতীয় ইয়াবা, ৬২টি শাড়ি, ৩টি কম্বল, ১১ প্যাকেট ফুসকা, ১৮টি ওষুধ এবং ২৯০টি কসমেটিক্স সামগ্রী। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৮২ হাজার ৮০০ টাকা।
এ অভিযানে আটক হওয়া আসামির নাম মোহাম্মদ সোহেল (৩৮)। তিনি যশোর জেলার শার্শা থানার কাশিপুর শেখপাড়া গ্রামের আইয়ুব খানের ছেলে। আটককৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে মামলা দায়েরের পর তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি পুনর্ব্যক্ত করেন যে, সীমান্ত সুরক্ষায় বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।