
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৪০০ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ (ESkuf) উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই মাদক কারবারি একটি প্রাইভেটকারে করে পালিয়ে যায়।
সোমবার (১০ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে গোদাগাড়ী থানার জৈটাবটতলা গ্রামের জনৈক মাসুদ রানার বসতবাড়ির পশ্চিম পাশে অর্জুন গাছের নিচে পাকা সড়কের ওপর থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পলাতক দুই অভিযুক্ত হলেন—চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার সোনামসজিদ গ্রামের আতাউর রহমানের ছেলে মো. রুবেল হক (২৬) এবং একই উপজেলার কমলাকান্তি রাণীহাটি গ্রামের সুভান আলীর ছেলে মো. কামিরুল (২৫)।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোদাগাড়ী থানা ও আশপাশের এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, জৈটাবটলা এলাকায় একটি প্রাইভেটকারের পেছনের দরজা খুলে দুই ব্যক্তি সাদা রঙের দুটি প্লাস্টিকের বস্তাসহ অবস্থান করছেন।
পরে রাত সাড়ে ১০টার দিকে জেলা ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মো. আশাফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাত ১০টা ৪৫ মিনিটের দিকে ওই দুই ব্যক্তি সাদা রঙের দুটি বস্তা সড়কের ওপর ফেলে রেখে সিলভার-গোল্ড রঙের একটি প্রাইভেটকার নিয়ে নাচোল থানাগামী সড়কের দিকে পালিয়ে যান। পরে পুলিশ ফেলে যাওয়া দুটি বস্তা তল্লাশি করে ৪০০ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ উদ্ধার করে।
গাড়িটি পালিয়ে গিয়ে গোমস্তপুর থানা সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। পরে গাড়িটি উদ্ধার করে গোমস্তাপুর থানায় জব্দ করে রাখা হয়। তবে গাড়ি থেকে কোন অবৈধ জিনিসপত্র উদ্ধার করতে পারেনি গোমস্তাপুর থানা পুলিশ।
এ ঘটনায় পলাতক দুই অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মোঃ হায়দার আলী
গোদাগাড়ী,