
মোঃ দেলোয়ার হোসেন বাবু
স্টাফ রিপোর্টার।।
জয়পুরহাটের ক্ষেতলালে ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রহিম নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ক্ষেতলাল থানা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আব্দুর রহিম ক্ষেতলাল সরকারি পাইলট মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ক্ষেতলাল থানা পুলিশ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আব্দুর রহিমকে তল্লাশি করে তার কাছ থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, সহকারী শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে এর আগেও মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল। এমনকি চিকিৎসা সনদ নিয়ে তিনি একটি মাদক নিরাময় কেন্দ্রে ছিলেন বলেও জানা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুর রহিমকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসের আলী বলেন, কোনো সহকারী শিক্ষক মাদকের সঙ্গে যুক্ত থাকলে বা মাদকসংক্রান্ত বিষয়ে আটক হলে উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রতিবেদন পাঠালে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।