
আজিজুল ইসলাম, বেনাপোল,যশোঃ যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় নিষিদ্ধ এসকাপ সিরাপসহ মোঃ মিলন হোসেন (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)।
সোমবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে ২১ বিজিবি’র অধীনস্থ রুদ্রপুর বিওপির একটি চৌকস টহল দল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটককৃত মিলন হোসেন যশোরের শার্শা থানার অগ্রভূলাট গ্রামের মৃত মোঃ নূর উদ্দীনের ছেলে।
বিজিবি সূত্র জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় এসকাপ সিরাপসহ মিলনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, দেশের সীমান্তে মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরনের কঠোর ও জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটককৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।