
আজিজুল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় গাছ থেকে পড়ে রবিউল ইসলাম ওরফে বড় খোকা (৫০) নামে এক লন্ড্রি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম উপজেলার যাদবপুর (রেললাইন পাড়া) গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় বাজারে লন্ড্রি ব্যবসা করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে রবিউল ইসলাম নিজ দোকানের পাশের একটি গাছে উঠে ডাল কাটছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি নিয়ন্ত্রণ হারিয়ে গাছ থেকে নিচে পাকা রাস্তার ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হন। উপস্থিতি স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণ ও গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।
দীর্ঘদিনের পরিচিত ও পরিচিতমুখ লন্ড্রি ব্যবসায়ী রবিউল ইসলামের এই আকস্মিক ও অকাল মৃত্যুতে তার পরিবার, স্বজন এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।