
আজিজুল ইসলাম, বেনাপোলঃ খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ দৌলতপুর বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় উইনিক্স সিরাপ জব্দ করেছে। বুধবার (০৫ আগস্ট) ভোর চারটার দিকে বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
২১ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত সুরক্ষায় আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর বিওপির একটি দল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ আটক করা হয়, যার আনুমানিক সিজার মূল্য প্রায় ১ লাখ ২৪ হাজার টাকা।
খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবির কঠোর অবস্থান এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।