
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বুধবার (৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের চকশ্যাম ব্রিজের পশ্চিম পাশে একটি কলাবাগানে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার পূর্ব ধানমন্ডি এলাকার মৃত আকবর আলীর ছেলে সাইদুল ইসলাম (৩৮), চকশ্যাম গ্রামের মোজাফফর হোসেনের ছেলে রায়হান হোসেন (২৬) এবং গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মথরপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে সুমন (৩০)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ডাকাতির প্রস্তুতির সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি চাইনিজ কুড়াল, একটি তালা কাটার, একটি দেশীয় তৈরি হাসুয়া, একটি বাঁশের লাঠি, একটি হেক্সো ব্লেড, চারটি লোহার রড এবং প্রায় ২৯ দশমিক ৪ ফুট দীর্ঘ একটি প্লাস্টিকের রশি উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
মোঃ দেলোয়ার হোসেন বাবু
স্টাফ রিপোর্টার ।।