
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় হুমায়ুন তালুকদার নামে টাঙ্গাইলের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইমিগ্রেশনের 'স্টপলিস্টে' নাম থাকায় তাকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃত হুমায়ুন তালুকদার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা। তিনি উপজেলার শুভুল্যা গ্রামের আব্দুর রশিদ তালুকদারের ছেলে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, অভিযুক্ত ব্যক্তি ভারতে যাওয়ার জন্য বেনাপোল ইমিগ্রেশনে আসলে পরীক্ষা-নিরীক্ষার একপর্যায়ে জানা যায় তিনি 'স্টপলিস্ট' ভুক্ত একজন আসামি। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার বিরুদ্ধে মামলা থাকার সত্যতা পেয়ে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি রাজনৈতিক মামলা রয়েছে।