
বিশেষ প্রতিনিধি,যশোরঃ যশোরের শার্শা থানার গোগা গাজীপাড়া গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ উজ্জল হোসেন (৩০), হরিশচন্দনপুর পূর্ব পাড়া গ্রামের মোঃ কাশেম আলীর ছেলে মোঃ আনারুল ইসলাম (৩২) এবং একই গ্রামের মোঃ গোলাম মোস্তফার ছেলে মোঃ তোফাজ্জেল হোসেন (৩০) যশোর জেলা গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার একদিন পরেই জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে এসেছে।
তারা নিজেদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) ভুয়া পরিচয় দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর আগমুহুর্তে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১ সেট বিজিবির সরকারি পোশাক, ২টি ওয়ারলেস সেট (ওয়াকিটকি), ২টি হ্যান্ডকাফ এবং বিভিন্ন ধরনের ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে ডিবি পুলিশ।
গত ১লা আগষ্ট শনিবার রাত ১১টা ১০ মিনিটে যশোর শহরের কোতয়ালী মডেল থানার ষষ্ঠিতলা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম ষষ্ঠিতলা এলাকার রবিন্দ্রনাথ রাহার ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা নিজেদের বিজিবি সদস্য বলে দাবি করেন। পরবর্তীতে তাঁদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে ও কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে না পারায় জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাঁরা স্বীকার করেন, দীর্ঘদিন ধরে বিজিবির পোশাক ও সরকারি সরঞ্জামের ভুয়া পরিচয় ব্যবহার করে যশোর ও আশপাশের জেলাগুলোতে তারা ডাকাতি ও ছিনতাই চালিয়ে আসছিলেন।
পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরের ভেতর খাটের নিচে লুকিয়ে রাখা সাদা বস্তা থেকে ১ সেট বিজিবির সরকারি পোশাক, ২টি হ্যান্ডকাফ, ২টি ওয়াকিটকি, ১টি চাইনিজ কুড়াল, ২টি স্টিলের কাটারি, ১টি ইলেকট্রিক গ্রাইন্ডার মেশিন, ১টি তালা কাটার মেশিন, হেকসো ব্লেড ও নোস প্লায়ার্স জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত উজ্জল হোসেনের বিরুদ্ধে পূর্বে বিভিন্ন অপরাধে ৫টি এবং তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর রবিবার (২ আগস্ট) বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেন কারাগারে পাঠানো হলেও একদিন পরই তারা জামিনে ফিরে আসে। এরা ফিরে আসায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।