
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চেলা নদীতে বালু ব্যবসাকে কেন্দ্র করে চাঁদা দাবি, হামলা, নগদ টাকা ছিনতাই এবং প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা মূল্যের চারটি স্টিল বডির নৌকা জোরপূর্বক দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বালু ব্যবসায়ী মো. খোকন মিয়া।
সোমবার (৩ আগস্ট) দুপুরে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সরকারি রয়্যালটি পরিশোধ করে বৈধভাবে চেলা নদী থেকে বালু ক্রয় করে ব্যবসা পরিচালনা করে আসছেন। গত ২ আগস্ট বিকেলে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব চাইরগাঁও সংলগ্ন সোনালী চেলা নদীতে বালু ক্রয়ের সময় তাঁর কাছে চাঁদা দাবি করা হয়। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁর ও সঙ্গে থাকা লোকজনের ওপর হামলা চালিয়ে মারধর করা হয় এবং নগদ ১ লাখ ৪৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। একই সঙ্গে প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা মূল্যের চারটি স্টিল বডির নৌকা জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।
লিখিত অভিযোগে তিনি নুরুল ইসলাম নুরু, শফিক মিয়া, আব্দুন নুর, রাশিদ মিয়া, ইসলাম উদ্দিন, শাওন মিয়া, আবু বকর এবং লুৎফুর রহমান—এই আটজনকে অভিযুক্ত করেন। তাঁদের সবাই দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব চাইরগাঁও গ্রামের বাসিন্দা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে খোকন মিয়া অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়া টাকা ও নৌকা উদ্ধার এবং তাঁর ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তিনি আরও অভিযোগ করেন, আইনি পদক্ষেপ নিলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।