এম এ আলিম রিপন,সুজানগর: পাবনার সুজানগর উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার পদে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ০১ ও ০২ আগস্ট ২০২৬ রোজ শনিবার ও রবিবার অনুষ্ঠিত হবে।
সুজানগর উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নির্ভুলভাবে বাস্তবায়নের জন্য দক্ষ জনবল নির্বাচন করা হচ্ছে। এ লক্ষ্যে সুজানগর পৌরসভাসহ উপজেলার সকল ইউনিয়নের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার পদে আবেদনকারীদের নিয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর মধ্যে ০১ আগস্ট রোজ শনিবার সকাল ১০টায় সুজানগর পৌরসভাসহ উপজেলার সকল ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের ও দুপুর ২টায় সুজানগর পৌরসভা সহ উপজেলার সকল ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের তথ্য সংগ্রহকারী পদে মূল্যায়ন পরীক্ষা এবং সুপারভাইজার পদে সকাল ১০টায় সুজানগর পৌরসভা, সাগরকান্দি ও রানীনগর ইউনিয়নের এবং এদিন দুপুর ২টায় তাঁতীবন্দ,ভাঁয়না, সাতবাড়িয়া ও মানিকহাট ইউনিয়নের এছাড়া ০২ আগস্ট ২০২৬ রোজ রবিবার সকাল ১০টায় সুজানগর পৌরসভার সহ উপজেলার সকল ইউনিয়নের ০৭,০৮ ও ০৯ নং ওয়ার্ডের তথ্য সংগ্রহকারী পদে এবং এদিনই সকাল দশটায় সুপারভাইজার পদে দুলাই, নাজিরগঞ্জ, হাটখালী ও আহম্মদপুর ইউনিয়নের প্রার্থীদের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের যথাসময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতে সকলকে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহের জন্য স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সভাপতি ও সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, যোগ্য ও দক্ষ প্রার্থী বাছাইয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন করা হবে, যাতে প্রকৃত উপকারভোগীদের তথ্য সংগ্রহ ও যাচাই কার্যক্রম আরও কার্যকর ও নির্ভুল হয়।
তিনি আরো জানান,ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যোগ্য প্রার্থী নির্বাচন নিশ্চিত করতে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সুজানগর পৌরসভা সহ উপজেলার সকল ইউনিয়নে ১১৫ জন তথ্য সংগ্রহকারী পদে ৯০৯ জন এবং ১১ জন সুপারভাইজার পদের বিপরীতে ১২৫ জন আবেদনকারী আবেদনপত্র জমা দিয়েছেন।