
আজিজুল ইসলাম, যশোর: যশোর নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে ১ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের ৬৮০ গ্রাম ওজনের চারটি পূর্ণাঙ্গ এবং একটি খণ্ডিত স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।
আজ রোববার (২৬ জুলাই ২০২৬) ভোরে পরিচালিত এই অভিযানে স্বর্ণ ছাড়াও আসামির কাছ থেকে মোবাইল ফোন, ঘড়ি এবং নগদ টাকা উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট সিজার মূল্য ধরা হয়েছে ১ কোটি ৪১ লক্ষ ৩৩ হাজার ১৭৫ টাকা।
আটককৃত ব্যক্তির নাম সুমন মন্ডল (৪০)। তিনি নারায়ণগঞ্জ জেলার সদর থানার ইসলামিয়া বাজার (পাগলা) গ্রামের প্রাননাথ মন্ডলের ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ৪টা ৩০ মিনিটে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ চৌকস টহলদল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজের ওপর অভিযান পরিচালনা করে। এ সময় সুমন মন্ডলকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৬৮০ গ্রাম ওজনের ৪টি পূর্ণাঙ্গ ও ১টি খণ্ডিত স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪০ লক্ষ ৯৯ হাজার ৮০০ টাকা। এছাড়া তার ব্যবহৃত ২৫,০০০ টাকা মূল্যের ১টি মোবাইল ফোন, ৫০০ টাকা মূল্যের ১টি ঘড়ি এবং নগদ ৭,৮৭৫ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সুমন মন্ডল জানান, ঢাকা থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করার পরিকল্পনা ছিল তার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, “স্বর্ণ চোরাচালান এই এলাকায় একটি সামাজিক ব্যাধির রূপ নিয়েছে। অনেকেই না বুঝে বা অতিরিক্ত লোভে পড়ে এটিকে পেশা হিসেবে গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ছে এবং নিজেদের জীবন বিপন্ন করছে।”
তিনি আরও জানান, সীমান্তে স্বর্ণসহ যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে।
আটককৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।