
মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলার পৌর এলাকার দুই নং ওয়ার্ডের বাসিন্দা শাহ আলম মোল্লার মেয়ে শিরিন আক্তার হত্যাকারীদের বিচার ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ২১ জুলাই) বিকেল পাঁচটায় নলছিটির বিজয় উল্লাস চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন নিহত শিরিন আক্তারের পিতা মো. শাহ আলম মোল্লা, বড় ভাই জাহিদ মোল্লাসহ পরিবারের অন্যান্য সদস্যরা। মানববন্ধনে পরিবারের সদস্য ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
শিরিন আক্তারের পিতা শাহ আলম মোল্লা তার বক্তব্যে বলেন, আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আর এতে অংশ নিয়েছেন আমার মেয়ের জামাই এনামুল হক শাহিন,তার বড় বোন এবং নানী। আমার মেয়ের হত্যাকারীদের বিচারের দাবিতে আমি বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছি। পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও বাকি আসামীদের গ্রেপ্তার করতে গড়িমসি করছে। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি আমার মেয়ের হত্যাকারীদের সকলকে দ্রুত গ্রেপ্তার করে যথাযথ বিচার করুন।
শিরিন আক্তারের ভাই জাহিদ মোল্লা বলেন, ঘটনার দিন আমাদের জানানোর পর আমরা গিয়ে দেখি লাশ মর্গে নিয়ে যাওয়া হয়েছে। এখান থেকেই আমাদের সন্দেহ হয়। এসময় আমরা স্থানীয়দের সাথে কথা বলি তারা আমাদের জানান, আমরা লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পাইনি। তারা আমার বোনকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল। এর আগেও যৌতুকের জন্য তারা আমার বোনকে মারধর করেছে তার নানী শ্বাশুড়ি ও ননদ।
উল্লেখ্য গত ৭ জুলাই বরিশাল সদরের চানমারী মাদ্রাসা গলি এলাকা থেকে আনুমানিক রাত চারটার দিকে শিরিন আক্তারের লাশ তার শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। পরে শিরিন আক্তারের পরিবারের লোকজনকে খবর দিলে তারা গিয়ে পুলিশের আশ্রয় নিয়ে কোতোয়ালি থানায় শিরিন আক্তারের জামাই এনামুল হক শাহিন ও তার নানী ও বড়বোনকে আসামী করে একটি এজাহার দায়ের করেন।