
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৯,৭৪০ টাকাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার (১৮ জুলাই) রাত ৯:৪৫ মিনিটের সময় বেনাপোল পোর্ট থানাধীন নারায়ণপুর কেলেরকান্দা গ্রামের পলাতক আসামি ফিরোজের বসতবাড়ির শয়নকক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন নারায়ণপুর কেলেরকান্দা গ্রামের ফিরোজের স্ত্রী সালমা খাতুন (৩৮) এবং শহিদ হোসেনের স্ত্রী আমেনা খাতুন (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মোহাম্মাদ মামুন শেখ সংগীয় অফিসার ও ফোর্সসহ ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে নারী পুলিশের সহায়তায় শালীনতা বজায় রেখে তল্লাশি চালিয়ে সালমা খাতুন ও আমেনা খাতুনকে ৭১ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৯,৭৪০ টাকাসহ হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় অপর এক আসামি সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
এই মাদক উদ্ধার অভিযানের পর এসআই মোহাম্মাদ মামুন শেখ বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় হাজির হয়ে একটি লিখিত এজাহার দায়ের করেন, যার ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ রবিবার (১৯ জুলাই) গ্রেফতারকৃত আসামিদের পুলিশ প্রহরায় বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।