
এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন কৃষি-বান্ধব সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করছে। তিনি বলেন, কৃষির সমৃদ্ধির জন্যে দেশব্যাপী খাল খনন কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। খাল খননের মাধ্যমে সেচ ব্যবস্থাকে আধুনিক ও সহজলভ্য করা হচ্ছে। কৃষকদের কৃষি ঋণ প্রদান, প্রণোদনা প্রদানসহ বিভিন্ন সুবিধার জন্যে কৃষক কার্ড প্রবর্তন করা হয়েছে। সারাদেশে কৃষকদের সুরক্ষায় কৃষক কার্ড প্রদান করা হচ্ছে। তিনি আরো বলেন, কৃষকরা হচ্ছেন এ দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। তাদের ভাগ্য উন্নয়নের মাধ্যমেই দেশের উন্নয়ন সম্ভব। এ সময় তিনি বলেন, প্রণোদনার সার ও বীজসহ বিভিন্ন উপকরণ প্রকৃত কৃষকদের মাঝেই বিতরণ করা হবে। অতীতের মতো কোন অনিয়ম বা দূর্নীতি কখনোই হবে না। রবিবার বেলা ১২টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং কৃষি পুনর্বাসন কর্মসূচিরআওতায় উপজেলার কৃষকদের মধ্যে প্রণোদনার বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিম রেজা হাবিব এসব কথা বলেন। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্ব্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মান্নান হোসেন ও জাহিদ হোসেন, বেড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক আলহাজ্ব মনিরুজ্জামান মনি, সুজানগর উপজেলা বিএনপির নেতা আহমেদ আলী প্রামানিক লাটু, হারুন মন্ডল এবং সুজানগর উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আনিছুর রহমান খোকনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ে ব্যক্তি উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে কৃষি প্রণোদনা কমসূচির আওতায় ১৮০০জন কৃষক-কৃষাণীর মাঝে সবজি বীজ, ১২০ জন কৃষক-কৃষাণীর মাঝে পেঁয়াজ বীজ, ১৮২ জন কৃষক-কৃষাণীর মাঝে ও ৮০টি প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণ করা হবে।