
বান্দরবান (থানচি) প্রতিনিধি: মথি ত্রিপুরা
টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও প্রতিকূল আবহাওয়ার কারণে বান্দরবানের দুর্গম থুইসাপাড়া এলাকায় আটকে পড়া ০৪ (চার) জন পর্যটককে সফলভাবে উদ্ধার করে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উল্লেখ্য, গত ০৪ জুলাই ২০২৬ তারিখে আমিয়াখুম ভ্রমণের উদ্দেশ্যে ০৪ (চার) জন পর্যটক দুর্গম থুইসাপাড়া এলাকায় গমন করেন। পরবর্তীতে টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং প্রতিকূল আবহাওয়ার কারণে গত ০৭ জুলাই ২০২৬ তারিখ হতে তারা সেখানে আটকা পড়েন।
বিষয়টি অবহিত হওয়ার সাথে সাথে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিক এর নির্দেশক্রমে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্প কর্তৃক তাৎক্ষণিকভাবে একটি টহল দল দ্রুত থুইসাপাড়ায় পৌঁছে পর্যটকদের বাসস্থান, খাবার ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে। পরবর্তীতে পর্যটকদের উদ্ধারের জন্য ১১ জুলাই ২০২৬ তারিখে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্প হতে একটি টহল দল দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে থুইসাপাড়ায় পৌঁছে আটকে পড়া পর্যটকদের সঙ্গে নিয়ে বিকল্প পথে পায়ে হেঁটে থুইসাপাড়া–জিন্নাপাড়া–হালিরামপাড়া–নিকোলাসপাড়া হয়ে অংসাউপাড়া এলাকায় পৌঁছায়। সেখানে বিজিবির তত্ত্বাবধানে পর্যটকদের নিরাপদে রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়। তবে, অতি দুর্গম পাহাড়ি পথ, চলাচলের পথে একাধিক পাহাড়ধস, ঝিরিতে পানির উচ্চতা বৃদ্ধি, তীব্র স্রোত ও দিনব্যাপী বৃষ্টিপাতের কারণে গতকাল দিনের আলোয় পর্যটকদের সীমান্ত সড়ক পর্যন্ত নিয়ে আসা সম্ভব হয়নি।
আজ ১২ জুলাই ২০২৬ তারিখে বিজিবির একটি টহল দল পর্যটকদের সঙ্গে নিয়ে আনুমানিক ০৪ (চার) ঘণ্টা পায়ে হেঁটে অংসাউপাড়া হতে সীমান্ত সড়ক সংলগ্ন নেপিউপাড়া বিওপিতে পৌঁছায় এবং সীমান্ত সড়ক ব্যবহার করে যানবাহনযোগে পর্যটকদের নিরাপদে থানচি উপজেলা সদরে ফিরিয়ে আনা হয়েছে।
পর্যটকদের উদ্ধার অভিযান চলাকালে বিজিবি সদস্যরা অতি দুর্গম পাহাড়ি পথ, একাধিক স্থানে পাহাড় ধস, ঝিরিতে পানির উচ্চতা বৃদ্ধি, তীব্র স্রোত এবং বৈরী আবহাওয়া উপেক্ষা করে অত্যন্ত পেশাদারিত্ব, ধৈর্য ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাদের আন্তরিক প্রচেষ্টায় পর্যটকদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো মানবিক সংকট ও জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থেকে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকা ও প্রতিকুল আবহাওয়া সত্ত্বেও পর্যটকদের নিরাপদে উদ্ধার করে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে বিজিবি মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।