
আজিজুল ইসলাম, যশোর প্রতিনিধি: যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৫৮৩.১৯ গ্রাম ওজনের ৪টি সম্পূর্ণ এবং ১টি অর্ধেক স্বর্ণের বারসহ রিপন মৃধা (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ মঙ্গলবার (০৭ জুলাই ২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক দল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজের ওপর থেকে তাকে আটক করে।
আটককৃত রিপন মৃধা নড়াইল জেলার কালিয়া থানার টোনা গ্রামের রজব আলী মৃধার ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকস দল নীলগঞ্জ ব্রিজে অবস্থান নেয়। সন্দেহভাজন হিসেবে রিপন মৃধাকে তল্লাশি করা হলে তার প্যান্টের পকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা ৪টি সম্পূর্ণ ও ১টি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৯ লাখ ২৩ হাজার ৩১৯ টাকা। এছাড়া তার কাছ থেকে ১৭ হাজার টাকা মূল্যের ১টি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার৬১৫ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৯৩৪ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রিপন জানায়, সে ঢাকা থেকে স্বর্ণের বারগুলো নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) জানান, "বেশ কিছুদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। পাচারকারীদের রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজকের এই অভিযান সফল হয়েছে এবং সীমান্তে বিজিবির এ ধরনের চোরাচালান বিরোধী অভিযান সব সময়ই অব্যাহত থাকবে।"
আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি।