খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার ৯ বছর বয়সী শিশু সানজিদা আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছে তারাগঞ্জ উপজেলা বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নিহতের পরিবারের হাতে এই আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানীপাড়ায় সানজিদার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন রংপুর জেলা ও তারাগঞ্জ উপজেলা বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। এরপর দলের পক্ষ থেকে আর্থিক সহায়তার নগদ অর্থ হস্তান্তর করা হয়।
অনুদানের অর্থ হস্তান্তরের সময় রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, "তারেক রহমানের নির্দেশে আমরা আজ এই শোকসন্তপ্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি। আইনি লড়াই থেকে শুরু করে যেকোনো প্রয়োজনে বিএনপি সব সময় এই পরিবারের পাশে থাকবে।
তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, "নয় বছরের এক অবুঝ শিশুকে ধর্ষণের পর যেভাবে চোখ উপড়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা কোনো সুস্থ মানুষ করতে পারে না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং গ্রেপ্তারকৃত প্রধান আসামি মুজাহিদসহ এই নৃশংসতার সঙ্গে জড়িত প্রত্যেকে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি তথা ফাঁসি দাবি করছি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, জেলা বিএনপির সদস্য মতিয়ার রহমান, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মাখদুম আলম, উপজেলা ছাত্রদল, যুবদলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ১৯ জুন নিখোঁজ হওয়ার পরদিন ডালিয়া সেচ ক্যানেলের পাশের একটি পাটক্ষেত থেকে শাইলবাড়ি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী সানজিদার চোখ উপড়ানো রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মুজাহিদ ইসলাম নামের একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।