
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি জোরদার এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) সকাল ১২টায় দোয়ারাবাজার উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইরা (ERA) এবং প্ল্যান ইন্টারন্যাশনালের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্ল্যান বাংলাদেশের নিশাত আরা মীম এর সভাপতিত্বে এবং কৃষিবিদ কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম বলেন, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসে আগাম প্রস্তুতি, স্থানীয় পর্যায়ে কার্যকর সমন্বয় এবং দুর্যোগকালীন সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দিতে হবে। তিনি সংশ্লিষ্ট সকল দপ্তর ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগের অধ্যাপক আইশিয়া ফিরোজ আইশি, উপজেলা কৃষিবিদ আশরাফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লুৎফর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, পাবলিক হেল্থ কর্মকর্তা বিপ্রেশ তালুকদার, ইসলামী ফাউন্ডেশনের মাওলানা জয়নাল আবেদিন, বিআরডিবি কর্মকর্তা শাহিনুর রহমান, ইউপি সদস্য এশাদুর রহমান, হাসান আলী দুঃখুসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় দুর্যোগ ঝুঁকি হ্রাস, আগাম সতর্কতা, স্থানীয় পর্যায়ে প্রস্তুতি বৃদ্ধি এবং দুর্যোগকালীন কার্যক্রমকে আরও কার্যকর ও সমন্বিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।