
আজিজুল ইসলাম : যশোরের শার্শায় অভিযান চালিয়ে কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার (৭ জুন) রাতে উপজেলার চালিতাবাড়ী গ্রামে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত টিংকু দীর্ঘদিন ধরে কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া তিনি ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানও ছিলেন। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই তিনি এলাকা ছেড়ে পলাতক ছিলেন। সম্প্রতি তিনি এলাকায় ফিরে নাশকতার পরিকল্পনা করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত হাসান ফিরোজ আহম্মেদ টিংকুর বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ বিভিন্ন থানায় মোট ৪টি মামলা রয়েছে। সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।