খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলার খিয়ারজুম্মা এলাকায় টায়ার পুড়িয়ে বিশেষ ধরনের তেল (বিটমিন) উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়ে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৮ জুন) এই অভিযান পরিচালনা করা হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খিয়ারজুম্মা নামক স্থানে অবস্থিত 'এ আর গ্রে অয়েল কোম্পানি' নামের ওই কারখানায় টায়ার পুড়িয়ে তেল তৈরির মাধ্যমে ভয়াবহ পরিবেশ দূষণ করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে আজ সেখানে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।অভিযানকালে কারখানটিতে ভয়াবহ পরিবেশ দূষণের হাতেনাতে প্রমাণ পাওয়া যায়। এ সময় পরিবেশের ক্ষতি করার অপরাধে কারখানার প্রতিনিধি মোঃ রাজু আহমেদকে (৪২) এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডিত রাজু আহমেদ নীলফামারীর সৈয়দপুর অফিসার্স কলোনীর মৃত শামীমের পুত্র।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(গ) এবং ১৫(১) এর ৬ নং ধারা অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।