
তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে :
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে কুমিল্লা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণপাড়া উপজেলার ইউএনও মাহমুদা জাহান। শিক্ষা উন্নয়ন, জনসেবামুখী প্রশাসন এবং উন্নয়ন কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।
জেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসক ও কমিটির সভাপতি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ অর্জনের সংবাদ ছড়িয়ে পড়লে ব্রাহ্মণপাড়া উপজেলাজুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
উপজেলার শিক্ষাবিদ ও শিক্ষক নেতারা বলেন, মাহমুদা জাহান একজন কর্মঠ, সৎ, দক্ষ ও শিক্ষাবান্ধব প্রশাসনিক কর্মকর্তা। তার নেতৃত্বে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যকর উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। ফলে শিক্ষা খাতে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এসেছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামীসহ স্থানীয় বিশিষ্টজনরা বলেন, এ স্বীকৃতি শুধু মাহমুদা জাহানের ব্যক্তিগত অর্জন নয়; এটি পুরো ব্রাহ্মণপাড়া উপজেলার জন্য গর্বের বিষয়। একজন দায়িত্বশীল প্রশাসক হিসেবে তিনি সরকারি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
প্রতিক্রিয়ায় ইউএনও মাহমুদা জাহান বলেন,
"এই সম্মান শুধু আমার একার নয়। এটি উপজেলার সকল শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও প্রাথমিক শিক্ষার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যেতে চাই।"
উপজেলার রাস্তা-ঘাট উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন সড়ক ইতোমধ্যে উন্নয়ন পরিকল্পনার আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।
জনসেবার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন,
"আমি মনে করি একজন ইউএনও হিসেবে সাধারণ মানুষের জন্য আমার দরজা সবসময় খোলা। কেউ আমার সঙ্গে দেখা করতে এলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় না। মানুষ তাদের সমস্যা খোলামেলাভাবে জানাচ্ছেন এবং প্রয়োজনীয় সেবা পাচ্ছেন।"
স্থানীয়দের মতে, শিক্ষা উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং জনবান্ধব প্রশাসনিক কর্মকাণ্ডের সমন্বয়ে মাহমুদা জাহান ব্রাহ্মণপাড়ায় একটি ইতিবাচক পরিবর্তনের ধারা সৃষ্টি করেছেন। কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে তার এ অর্জন ভবিষ্যতে আরও জনকল্যাণমূলক কাজে অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।