
হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে দায়ের করা কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি মাসুক মিয়াকে (২২) গ্রেফতার করেছে র্যাব-৯। বৃহস্পতিবার (২১ মে) রাতে হবিগঞ্জের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯ জানায়, ভুক্তভোগী কিশোরী বানিয়াচং উপজেলার তারাসই এলাকার বাসিন্দা। পারিবারিক কারণে তিনি আত্মীয়ের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। এ সময় ওই বাড়ির ছেলে মাসুক মিয়া তাকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু কিশোরী প্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি পরিবারকে জানালে উভয় পরিবারের মধ্যে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, গত ১৪ এপ্রিল রাত আনুমানিক ৯টার দিকে মাসুক মিয়া কিশোরীকে একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভুক্তভোগী ঘটনাটি তার স্বজনদের জানালে এ ঘটনায় বানিয়াচং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
মামলার পর র্যাব-৯ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মাসুক মিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাসুক মিয়া হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার তারাসই গ্রামের জামাল মিয়ার ছেলে।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।