
মোঃ মহিউদ্দিন খাঁন রানা বাবুগঞ্জ প্রতিনিধি।
বাবুগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে আয়োজিত মহড়ায় গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর কৌশল প্রদর্শন করেছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা। বুধবার (২০ মে ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে অনুষ্ঠিত এ মহড়ায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মহড়ায় গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট আগুন দ্রুত ও নিরাপদ উপায়ে নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। এসময় সাধারণ মানুষকে অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত না হয়ে সচেতনভাবে পরিস্থিতি মোকাবেলার পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস কর্মীরা অগ্নি নির্বাপণ যন্ত্রের ব্যবহার, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ প্রতিরোধ এবং প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে করণীয় বিষয়গুলো হাতে-কলমে দেখান। ইউএনও আসমা উল হুসনা বলেন, সচেতনতা ও দ্রুত পদক্ষেপই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি কমানোর প্রধান উপায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ মহড়া দেখতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।