
রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আউশ ধানের বীজ, রাসায়নিক সার ও মৌ-বক্স বিতরণ করা হয়েছে। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বর্তমান সরকার কৃষকদের ভাগ্যের উন্নয়নে কাজ করছেন। আজ ১১ মে, ২০২৬ সোমবার সকালে উপজেলা চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
চলতি মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধি এবং মৌ-চাষে উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে এই বিশেষ সহায়তা প্রদান করা হয়েছে।
প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুস সাদাত রত্ন, উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার, আব্দুল মানিক, সহকারী প্রকৌশলী (বিএমডিএ) আব্দুল লতিফ প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। সঠিক সময়ে বীজ ও সার ব্যবহারের মাধ্যমে আউশ ধানের বাম্পার ফলন নিশ্চিত করতে এবং মৌ-চাষের মাধ্যমে মধু উৎপাদন বাড়িয়ে কৃষকদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান তারা।
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, এ বছর প্রণোদনার আওতায় উফশী আউশ ধান ও মৌ-বক্স দুটি ক্যাটাগরিতে সহায়তা দেওয়া হয়েছে।
উফশী আউশ ধান প্রণোদনা (১০,০০০ জন কৃষক) প্রত্যেক কৃষককে এক বিঘা জমির জন্য ৫ কেজি ধান বীজ, ডিএপি (DAP) সার ১০ কেজি, এমওপি (পটাশ) সার ১০ কেজি করে বিতরণ করা হয়।
আধুনিক পদ্ধতিতে মধু আহরণের জন্য নির্বাচিত ১০ জন চাষিকে প্রদান করা হয়,মৌ-বক্স ১টি, স্মোকার১টি, কুইন গেট (ফেস) ৪টি ও হাইভ টুলস ১টি।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।