
জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পুঠিয়া আঞ্চলিক সড়কের পাশ থেকে নবজাতকের রক্তমাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ রবিবার বেলা ১২টার দিকে খবর পেয়ে পুলিশ কাপড় দিয়ে পেচানো সদ্যজাত শিশুর মরদেহ উদ্ধার করে।
উল্লাপাড়া মডেল থানার উপ -পরিদর্শক সারোয়ার হোসেন জানান, উপজেলার শ্রীকোলা-ধামাইকান্দি আঞ্চলিক সড়কের পুঠিয়া গ্রামের পশ্চিম পাশে রাস্তার ধার থেকে নবজাতকের রক্তমাখা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, সকালে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নবজাতকটির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, কে বা কারা নবজাতককে ফেলে গেছে তা নিশ্চিত হওয়া যায়নি।