
এম এ আলিম রিপন,সুজানগরঃ কৃষক মাঠ ব্যবসায় স্কুল । বাজার পরিভ্রমণের মাধ্যমে ফসলের বাজার চাহিদা-সরবরাহ নিরূপণ, উৎপাদন পরিকল্পনা, ক্রেতা নির্বাচন ও সংযুক্তি, ব্যবসা পরিকল্পনা, মূল্যচেইন বিশ্লেষণ, কৃষি ব্যবসা পরিচালনার রেকর্ডপত্র সংরক্ষণ, আয়-ব্যয়ের হিসাব বিশ্লেষণ ইত্যাদি কৃষক ব্যবসায় স্কুলের উল্লেখযোগ্য বিষয়। পাবনার সুজানগর উপজেলায় কৃষকদের টেকসই উন্নয়ন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার ও বাজার ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে এ ফার্মার’স ফিল্ড বিজনেস স্কুল (এফএফবিএস) কার্যক্রম চলছে।
উপজেলার তঁাতীবন্দ ইউনিয়নে একটি কৃষক মাঠ ব্যবসায় স্কুল পরিদর্শন করেন ও মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদুদ। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী পাবনার উপ পরিচালক কৃষিবিদ জাহাঙ্গীর আলম প্রামানিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী পাবনার অতিরিক্ত উপ পরিচালক(উদ্যান) কৃষিবিদ নূরে আলম, অতিরিক্ত উপ পরিচালক(শস্য) কৃষিবিদ রাফিউল ইসলাম উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জাহিদ হোসেন, উপ সহকারী কৃষি অফিসার মনিরুজ্জামান ও দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদুদ জানান, আগামীর স্মার্ট বাংলাদেশের কৃষিকে স্মার্ট কৃষিতে রূপান্তর করতে ও নিরাপদ খাদ্যের জন্য কৃষক মাঠ স্কুল দারুণ ভূমিকা রাখছে এবং এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা ফসল সংগ্রহ, সঠিক সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনা ও লাভজনক বিপণন কৌশল শিখছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসাদুজ্জামান জানান, এফএফবিএস এ কার্যক্রমে কৃষি মার্কেটিং, খাদ্য ও পুষ্টি, ফসল সংগ্রহ ও সংগ্রহ-পরবর্তী ব্যবস্থাপনা, বাজার পরিদর্শন, উত্তম কৃষি চর্চার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার কৌশল বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। স্থানীয় কৃষক-কৃষাণীরা জনান, আমরা প্রচলিত পদ্ধতিতে চাষাবাদ করতাম। না বুঝে যখন-তখন জমিতে বিষ ছিটাতাম। এতে খরচ বাড়ত। স্কুল থেকে জেনেছি এতে পরিবেশ দূষিত হয়। এখন আমরা উপকারী ও ক্ষতিকর পোকা চিনে সে অনুযায়ী কীটনাশক ছিটাই কৃষক মাঠ স্কুল আমাদের জীবনে সচ্ছলতা এনে দিয়েছে।কৃষক-কৃষাণীরা আশা করছেন, এ উদ্যোগ তাদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।