
পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ মোঃ তোফাজ্জল হোসেন
নওগাঁর পোরশা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।
সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ডি.এম. রাশেদ ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম তাদের বক্তব্যে প্রেসক্লাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ তোফাজ্জল হোসেন এবং সদস্য মোঃ ইউসুফ আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালনে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।
মতবিনিময় সভাটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।